হোম > সারা দেশ > ঢাকা

আওয়ামী সিন্ডিকেটের কবজায় হরিরামপুরের বালুমহাল

মানিকগঞ্জের চিত্র

রফিকুল ইসলাম, শিবালয় (মানিকগঞ্জ)

সিন্ডিকেট করে ১১ কোটি টাকার বালুমহাল মাত্র সাড়ে তিন কোটি টাকায় ইজারা নিয়েছেন হরিরামপুরের আজিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির ভাতিজা মো. বিল্লাল হোসেন খান। বিষয়টি নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ১৪৩১ সালে মানিকগঞ্জের হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারার মূল্য ছিল ১১ কোটি ১১ লাখ ১১ হাজার ১১১ টাকা। সে সময় ইজারা পায় আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ বেগমের ঘনিষ্ঠ ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আবিদ হাসান বিপ্লবের প্রতিষ্ঠান এশিয়ান বিল্ডার্স। অভিযোগ রয়েছে, ইজারা নেওয়ার পর চুক্তির মাধ্যমে বালুমহালের কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয় আলী আকবর খান ও আকিবুল হাসান খান পরিবারের কাছে।

১৪৩২ সালে এই বালুমহালের ইজারার মূল্য কমে দাঁড়ায় পাঁচ কোটি ৩২ লাখ ৩২ হাজার ৩২ টাকা। ইজারা পায় ফরিদপুরের মিথিলা এন্টারপ্রাইজ। মিথিলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতিতে যুক্ত বলে জানা যায়। সে সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা বালুমহালটির দায়িত্ব নিয়েছিল। তবে কয়েক মাস পরেই প্রভাব খাটিয়ে আবারও সেই বালুমহালটির নিয়ন্ত্রণে নেয় আলী আকবর খান ও আকিবুল হাসান খানদের সিন্ডিকেট।

১৪৩৩ সালে বালুমহালের ইজারা আরো প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। এই বছর বালুমহাল ইজারার সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে সাত কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৮০ টাকা। প্রথম দফায় ১৪টি সিডিউল বিক্রি হলেও জমা পড়েছিল মাত্র তিনটি। খান এন্টারপ্রাইজ, সজীব করপোরেশন ও জমিদার এন্টারপ্রাইজ।

অভিযোগ রয়েছে, এর মধ্যে খান এন্টারপ্রাইজের মালিক মো. বিল্লাল খান ও সজীব করপোরেশনের মালিক মো. সুরুজ খান আওয়ামী লীগ নেতা আলী আকবর খান ও আকিবুল হাসান খানের চাচাতো ভাইয়ের ছেলে। খান পরিবারের সদস্য হয়ে সিন্ডিকেট করে নিজস্ব ঠিকাদার দিয়ে বালুমহালটি নিজেদের দখলে নেওয়ার এই পাঁয়তারা করেছে আলী আকবর খান ও আকিবুল হাসান খানÑএমন অভিযোগ করেছেন এলাকাবাসী।

বালুমহাল ব্যবস্থাপনা কমিটি ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রথমবার সরকারি মূল্যের তুলনায় দর অনেক কম হওয়ায় দরপত্র বাতিল করে পুনরায় আহ্বান করা হয়। দ্বিতীয় দফায়ও ইজারা মূল্য ওই তিনটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয় এবং কম মূল্য প্রস্তাব দেয়। এবারে খান এন্টারপ্রাইজ প্রস্তাব দেয় দুই কোটি ৭০ লাখ টাকা, সজীব করপোরেশন প্রস্তাব দেয় দুই কোটি ৩০ লাখ টাকা এবং জমিদার এন্টারপ্রাইজ প্রস্তাব দেয় দুই কোটি ৫০ লাখ টাকা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফাতেও দর সরকার নির্ধারিত মূল্যের তুলনায় অনেক কম থাকায় পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে। তৃতীয় দফার দরপত্র ৮ এপ্রিল উন্মুক্ত করা হয়। যেখানে সর্বোচ্চ ইজারা মূল্য উঠেছে তিন কোটি ৪০ লাখ টাকা। ইজারা পেয়েছে মো. বিল্লাল হোসেনের খান এন্টারপ্রাইজ। বিল্লাল আজিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী আকবর খানের ভাতিজা।

লেছড়াগঞ্জ বালুমহাল ঘুরেফিরে প্রভাবশালী আওয়ামী পরিবার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ উঠেছে। ধারাবাহিকভাবে দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেও প্রকৃত নিয়ন্ত্রণ থাকছে একটি নির্দিষ্ট চক্রের হাতে।

জানা গেছে, বালুমহাল সিন্ডিকেটের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর খান ও তার ভাই আকিবুল হাসান খান।

মানিকগঞ্জ জেলা প্রশাসক ও বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাজমুন আরা সুলতানা বলেন, আমরা তিন দফায় দরপত্র আহ্বান করেছি। তৃতীয়বার সর্বোচ্চ দর উঠেছে তিন কোটি ৪০ লাখ টাকা। আমরা তাকেই দিয়েছি।

ভেজাল গুড়ের কারখানায় অভিযান, ১৫ মন গুড় ধ্বংস ও ৫০ হাজার টাকা জরিমানা

এপ্রিলের শেষ সপ্তাহে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন চলাচল শুরু

ফেরিতে ওঠার সময় নদীতে ট্রাক, চাপা পড়ে যুবকের মৃত্যু

টঙ্গীতে মাস্কোর ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

গাড়িচাপায় পড়ে আছে মাদরাসাছাত্রের লাশ, ১৯ ঘণ্টায়ও মেলেনি পরিচয়

ফরিদপুরে সংঘর্ষের জেরে দুই মাস বন্ধ শতাধিক দোকান

শিবচরে কৃষকদের মধ্যে ১২ হাজার লিটার তেল বিতরণ

ঘুমন্ত মায়ের ওপর নেশাগ্রস্ত ছেলের আক্রমণ

মুন্সীগঞ্জে গরুর নামে ঘোড়ার মাংস বিক্রি, গ্রেপ্তার ৫

কাপাসিয়ায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ আছে সবাই