মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি এলাকায় খান বংশ ও মোল্লা বংশের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর ৬টা থেকে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়ে। পরে সকাল ৮টার দিকে খান বংশ ও মোল্লা বংশের লোকজন সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে অংশ নেয়।
সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মাদারীপুর বিভিন্ন হাসপাতালে ও স্থানীয়ভাবে চিৎকিসা করা হয়েছে। এছাড়া সংঘর্ষের সময় ১৩টি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন।
খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এমই