হোম > সারা দেশ > ঢাকা

ঈদের ছুটিতে দর্শনার্থীদের ঢল, পদ্মাপাড়ে বেড়িবাঁধ এখন বিনোদনকেন্দ্র

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

ঈদের দীর্ঘ ছুটিতে পদ্মা সেতু সংলগ্ন শিবচরের পদ্মার পাড় ও নদীশাসন বেড়িবাঁধ এলাকা পরিণত হয়েছে মানুষের মিলনমেলায়। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

বছরের বেশিরভাগ সময় কর্মব্যস্ততায় কাটালেও ঈদের ছুটিতে মানুষ ছুটে আসেন প্রকৃতির কাছাকাছি কিছুটা স্বস্তির খোঁজে। সেই সুযোগ করে দিয়েছে শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাট থেকে পদ্মা সেতু পর্যন্ত বিস্তৃত পদ্মা নদীর তীরবর্তী বেড়িবাঁধ এলাকা।

সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। খোলা আকাশ, নির্মল বাতাস আর বিস্তীর্ণ পদ্মা নদীর মনোরম দৃশ্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন এখানে। ঈদের আমেজে পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে নৌকা ও ট্রলার ভ্রমণের সুযোগ। অনেকেই নৌকা ভাড়া করে নদীতে ঘুরে বেড়াচ্ছেন, কেউ যাচ্ছেন পদ্মার চরে। এছাড়া নদীর পাড়জুড়ে স্থানীয়দের অস্থায়ী দোকান এবং ছোটখাটো ঈদ মেলাও জমে উঠেছে।

স্থানীয় বাসিন্দা জালাল মিয়া জানান, ঈদের ছুটিতে প্রতিদিনই হাজারো মানুষ এখানে ভিড় করেন। প্রায় ৬ থেকে ৮ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ এলাকা দুপুরের পর থেকেই মানুষের পদচারণায় সরগরম হয়ে ওঠে এবং রাত পর্যন্ত সেই ভিড় অব্যাহত থাকে।

শুধু শিবচর নয়, জাজিরা, ভাঙ্গাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকেও মানুষ এখানে ঘুরতে আসছেন।

ঢাকা থেকে আসা দর্শনার্থী রাকিব মাদবর বলেন, “পদ্মার পাড়ে খোলা পরিবেশে সময় কাটাতে দারুণ লাগে। বিশেষ করে ঈদের সময় এখানে আসার আলাদা আনন্দ রয়েছে। নদীর ঢেউ, নির্মল বাতাস ও প্রাকৃতিক সৌন্দর্য মনকে প্রশান্ত করে।”

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পদ্মা সেতু চালুর পর থেকেই এই এলাকা পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এখন কাওড়াকান্দি ঘাটের নদীশাসন বেড়িবাঁধ শুধু ভাঙনরোধের অবকাঠামো নয়, বরং ঈদের আনন্দকে ঘিরে মানুষের অন্যতম বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে—যেখানে প্রকৃতি আর উৎসব একাকার হয়ে যায়।

প্রধানমন্ত্রীর নির্দেশে ফতুল্লায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা বিএনপি

গুরুত্বপূর্ণ জায়গায় বিনামূল্যে ওয়াইফাই দেওয়া হয়েছে: আইসিটি মন্ত্রী

নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়

মিঠামইনে আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৩০

নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো অর্ধগলিত লাশ

ঈদের ছুটিতে গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

মানিকগঞ্জে গভীর রাতে পোশাক কারখানায় দুর্ধর্ষ ডাকাতি

রোগীরা শান্ত হলে তবেই আমি ক্ষান্ত হবো: স্বাস্থ্যমন্ত্রী

ঈদের ছুটিতে ঘুরতে পারেন নরসিংদীর যে সব বিনোদন কেন্দ্রে