ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকার এক সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ঈদুল আজহা উপলক্ষে ৬৭ জন ইমাম-মুয়াজ্জিনের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাত ৮টার দিকে পৌরসভার আঁধারকোঠা গ্রামের বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ খানের বাড়ির নিচতলা থেকে এসব চাল উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১২ বস্তা ও খুচরা ৩০ কেজিসহ সর্বমোট ৬৩০ কেজি চাল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত চাল পৌরসভায় হস্তান্তর করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জায় সাহা বলেন, সরকারি চাল দুস্থদের মাঝে বিতরণের কথা থাকলেও তা সাবেক কাউন্সিলর ও জামায়াত নেতা আব্দুস সামাদ খানের বাড়িতে পাওয়া গেছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
তবে অভিযোগ অস্বীকার করে আব্দুস সামাদ খান বলেন, “প্রতি বছরই আমার বাসায় এভাবে চাল এনে রাখা হয়। এর সঙ্গে আমি কোনোভাবে জড়িত নই। আমাকে ফাঁসানোর জন্যই এমনটি করা হয়েছে।”
এদিকে ইমাম পরিষদের সাধারণ সম্পাদক সাহেব আলী দাবি করেন, বিকেল ৩টার দিকে পৌরসভা থেকে চাল এনে কাউন্সিলরের বাসায় রাখা হয়। আগামী সোমবার ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে তা বিতরণের কথা ছিল। কিন্তু পৌরসচিব ও ম্যাজিস্ট্রেট এসে চালগুলো নিয়ে গেছেন।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ বস্তায় মোট ৬৩০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে চালগুলো পৌরসভায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা করা হবে।”
এসআর