কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে আক্রান্ত হয়ে এক নৌকার মাঝির মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উলাবাইরা চর হাওরে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল সরকার (৪৫) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার নারাজ গ্রামের বাসিন্দা কাছু মিয়ার ছেলে। তিনি একটি স্টিলবডি নৌকার মাঝি ছিলেন।
স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, বাবুল সরকারসহ কয়েকজন যাত্রী স্টিলবডি নৌকায় করে আশুগঞ্জ থেকে ধান বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে নৌকায় থাকা অন্য যাত্রীরা পাটাতনের নিচে আশ্রয় নেন। তবে নৌকার মাঝি হওয়ায় বাবুল সরকার নৌকার ওপরেই অবস্থান করছিলেন।
এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে নৌকার অস্বাভাবিক গতিবিধি দেখে পাটাতনের নিচে থাকা যাত্রীরা ওপরে উঠে এসে বাবুল সরকারকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রেহানা মজুমদার মুক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।