ঢাকার ধামরাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গুলিবিদ্ধ এক যুবকের পেট থেকে একটি পিস্তলের গুলি বের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই অস্ত্রোপচার করা হয়।এর আগে তাকে ৪৮ ঘণ্টা আইসিইউতে রাখা হয়েছিল। তবে তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আহত আকাশ সরকার (২০) মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তিনি ধামরাইয়ের রোয়াইল গ্রামের প্রতুল সরকারের ছেলে।
জানা গেছে, বুধবার রাতে রোয়াইল গ্রামের স্বপন সরকারের বাড়িতে থার্টি ফার্স্ট নাইট উপভোগ করার সময় বন্ধু রাব্বির খানের পিস্তলে গুলিবিদ্ধ হন আকাশ। ওই রাতেই তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আকাশের বাবা শুক্রবার ধামরাই থানায় রাব্বি খান ও ফয়সাল হোসেনকে আসামি করে একটি মামলা করেন।
গুলিবিদ্ধ আকাশ সরকারের বাবা জানান, বৃহস্পতিবার রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার ছেলের অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গুলি বর্ষণের ঘটনাস্থলের পাশেই আমিনুর রহমান নামে এক ব্যক্তির বাড়ির উঠান থেকে পরিত্যক্ত অবস্থায় বৃহস্পতিবার রাতে দুটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এমএস