রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের এক বিশাল আকৃতির কাতল মাছ, যা শেষ পর্যন্ত প্রায় অর্ধলক্ষ টাকায় বিক্রি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে শ্রাবন্ত হালদার ও তার সহযোগীরা দৌলতদিয়া ৫ ও ৬ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ভোররাতে জালে ভারী টান অনুভব করলে তারা জাল তুলে দেখতে পান বড় আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। পরে ওজন করে দেখা যায়, মাছটি ২৫ কেজি ৫০০ গ্রাম।
বুধবার সকালে মাছটি দৌলতদিয়া ফেরিঘাটে রেজাল্ট মণ্ডলের আড়তে আনা হলে একনজর দেখার জন্য কৌতূহলী জনতার ভিড় জমে। পরে উন্মুক্ত নিলামে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন। পরবর্তীকালে প্রতি কেজিতে ১০০ টাকা লাভ ধরে তিনি মাছটি ৪৮ হাজার ৪৫০ টাকায় ঢাকার গুলশানের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।
চান্দু মোল্লা বলেন, ‘লাভের আশায় মাছটি কিনেছিলাম। পদ্মার বড় মাছের চাহিদা অনেক। তাই একটু বেশি দামে কিনলেও শেষ পর্যন্ত ভালো দাম পেয়েছি।’
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ‘ইলিশ ধরায় মৌসুমি নিষেধাজ্ঞা থাকায় বর্তমানে নদীর বড় মাছগুলো বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। ফলে কাতল, রুই, বোয়াল, বাগাড়সহ বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। স্থায়ীভাবে অভয়াশ্রম গড়ে তোলা গেলে ভবিষ্যতে আরও বেশি বড় মাছ পাওয়া যাবে।’
এডি/এমএইচ/১৬/৯