ভোক্তা অধিকার ও র্যাবের অভিযান
মাদারীপুরের ডাসার উপজেলায় অবৈধভাবে মজুত করে রাখা ৩৭ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব। রোববার (১৯ এপ্রিল) রাতে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে এ তেল উদ্ধার করা হয়।
ভোক্তা অধিকার ও র্যাব সূত্রে জানা যায়, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত করে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর র্যাবকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে ধুয়াশার বাজারে মেসার্স সরদার ট্রেডার্সের নামে পরিচালিত একটি গুদাম থেকে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
জানা গেছে, মেসার্স সরদার ট্রেডার্স পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাচ্চু সরদার। অভিযানের সময় অবৈধভাবে তেল মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল। তিনি জানান, উদ্ধারকৃত তেল দ্রুত বাজারে সরবরাহ নিশ্চিত করতে সোমবার (২০ এপ্রিল) দিনের মধ্যে তা বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার শর্তে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করতে এবং অতিরিক্ত মুনাফার আশায় এসব তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এআরবি