পরিবারের মুখে হাসি ফোটানো ও আর্থিক সচ্ছলতার স্বপ্ন নিয়ে আলবেনিয়ায় পাড়ি জমিয়েছিলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার তরুণ ওমর ফারুক (২৬)। সেই স্বপ্ন অপূর্ণ রেখেই তিনি ফিরলেন নিজ গ্রামে—নিথর দেহে।
আলবেনিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মর্মান্তিক ঘটনায় নিহত হন ওমর ফারুক। বুধবার সকালে তার লাশ দেশে পৌঁছায়। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
নিহত ওমর ফারুক উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামের মৃত মো. মালু মিয়ার ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি এবং ভবিষ্যৎ গড়ার আশায় আলবেনিয়ায় যান ওমর ফারুক। সেখানে তিনি এনসিপি কোম্পানিতে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কর্মরত ছিলেন। গত ২৪ মে আলবেনিয়ার সিহাডসিটি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চার ভাই ও দুই বোনের মধ্যে ওমর ফারুক ছিলেন সবার ছোট এবং পরিবারের অন্যতম ভরসাস্থল। তার অকালমৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রামের পরিবেশ।
এমএইচ