টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র মঈন হোসেনের (১৫) লাশ ৩০ ঘণ্টা পর যমুনা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মঈন হোসেন টাঙ্গাইল সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার বেলা ১১টার দিকে বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে । গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে পানিতে তলিয়ে যায় মঈন। তার সঙ্গে থাকা সাত বন্ধু সাঁতরে তীরে উঠতে পারলেও মঈনের খোঁজ মেলেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা অনুসন্ধানের পর শনিবার বিকেলে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার মোস্তফা কামাল জানান, দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
এমই