গোপালগঞ্জে সিঁধ কেটে বসতবাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে বাবু বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
গত রোববার দিবাগত রাতে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবু বিশ্বাস কাশিয়ানী উপজেলার সিতারামপুর গ্রামের অসিত বিশ্বাসের ছেলে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত দেড়টার দিকে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের স্বপন বিশ্বাসের বসতঘরে সিঁধ কেটে চুরি করে পালানোর সময় এলাকাবাসী বাবু বিশ্বাসকে ধরে ফেলেন। পরে উত্তেজিত এলাকাবাসী তাকে গণপিটুনি দেন। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।
গণপিটুনিতে গুরুতর আহত বাবু বিশ্বাসকে ওই রাতেই গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাতপাড় পশ্চিমপাড়ার বাসিন্দা স্বপন বিশ্বাস বলেন, রোববার দিবাগত রাত দেড়টার দিকে বাবু বিশ্বাস ও তার সহযোগীরা তার বসতঘরে সিঁধ কেটে চুরি করে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাদের গণপিটুনি দেন।
স্থানীয় সাতপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোশিক কীর্ত্তনীয়া বলেন, গুরুতর আহত বাবু বিশ্বাসকে ওই রাতেই গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, রোববার দিবাগত গভীর রাতে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের স্বপন বিশ্বাসের ঘরে সিঁধ কেটে চুরি করে পালানোর সময় বিক্ষুব্ধ গ্রামবাসী বাবু বিশ্বাসকে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।