হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, কর্মস্থলে ফিরলেন পোশাকশ্রমিকেরা

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

জাতীয় মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের খবরে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে কর্মবিরতিতে গিয়েছিলেন ফতুল্লার মেট্রো নিটিং অ্যান্ড ডাইং কারখানার শ্রমিকেরা। সোমবার সারা দিন কাজে যোগ না দিলেও আজ মঙ্গলবার সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রায় ৯ হাজার শ্রমিক।

এদিকে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার সকাল থেকে কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শ্রমিক অসন্তোষ ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে মঙ্গলবার সকাল থেকেই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি জেলা পুলিশের ৫৭৫ জন সদস্য, এসআরবির (স্পেশাল রিজার্ভ ব্যাটালিয়ন) চারটি টিম, শিল্প পুলিশ ও আনসার সদস্যরা শিল্প এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল দিচ্ছেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ জোন-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ সার্বিক পরিস্থিতির বিষয়ে জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ৪৮০ জন সদস্য সরাসরি মাঠে মোতায়েন ছিলেন। এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরো ৬০ জনকে রিজার্ভ রাখা হয়েছিল।

তিনি বলেন, নারায়ণগঞ্জের সার্বিক শিল্প পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। তবে জাতীয় মজুরি বোর্ডের বৈঠক মুলতবি হওয়ার কারণে শুধু মেট্রো গার্মেন্টের শ্রমিকেরা আজ কর্মবিরতিতে গিয়েছিলেন। এ ছাড়া জেলার অন্য কোনো কারখানায় কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি এবং শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করেছেন।

জেলার সার্বিক নিরাপত্তার বিষয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পোশাকশিল্পে কিছুটা অস্থিরতার কারণে পুরো শহরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি, পুলিশ, আনসার ও এসআরবির সদস্যরা মাঠে কাজ করছেন। সাইনবোর্ড থেকে বিসিক, সিদ্ধিরগঞ্জ ইপিজেড, সোনারগাঁ, তারাবো হয়ে ভুলতা-গাউছিয়া পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি আরো বলেন, কোথাও শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটলে তা শনাক্ত করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে প্রশাসন।

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার মোতায়েন

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধ, বন্ধ ৩৫ পোশাক কারখানা

গোপালগঞ্জে নতুন করে ১০ প্লাটুন বিজিবি, সদর দপ্তর থেকে নজরদারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, অবরুদ্ধ ভিসি

বৃদ্ধ প্রতিবন্ধীর দিকে সহায়তায় হাত বাড়ালেন জেলা প্রশাসক

সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তায় পুলিশ প্রস্তুত: ঢাকা রেঞ্জের ডিআইজি

সন্তোষে ভাসানীর হাতে গড়া প্রতিষ্ঠানগুলো বিলুপ্তির পথে

গোপালগঞ্জে চুরি করতে গিয়ে গণপিটুনিতে বাবু বিশ্বাস নিহত

নারায়ণগঞ্জে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা