হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

‎নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাসায় তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎‎শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় আরমান মিয়ার মালিকানাধীন একটি তিনতলা ভবনের নিচতলায় ঝুটের গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

‎‎স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটির নিচতলায় একটি ঝুটের গুদাম রয়েছে। প্রতিদিনের মতো সেখানেই কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে নিচতলার দেয়ালের বেশ কিছু অংশ, দরজা ও জানালার অংশ ধসে পড়ে এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

‎‎এ ঘটনায় গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী লিটন এবং বাড়ির ভাড়াটিয়া ছগির। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিপন ও লিটনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

‎‎বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অন্তত চারটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িগুলোর জানালার কাঁচ ভেঙে পড়ে এবং দেয়ালের কিছু অংশ ফেটে যায়। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে আসেন।

‎‎প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের আগে ওই এলাকায় গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। কিছুক্ষণ পরেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকায় ধোঁয়া ও ধুলায় আচ্ছন্ন হয়ে যায়।

‎‎খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধান শুরু করে।

‎‎মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে গুদামের ভেতরে গ্যাস জমে ছিল। পরে কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

‎‎তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। পাশাপাশি ভবনের গ্যাস সংযোগ ও পাইপলাইনের অবস্থা পরীক্ষা করা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

‎‎এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত গ্যাস লাইনের ত্রুটি শনাক্ত করে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। অনেকেই অভিযোগ করেছেন, পুরনো ও ঝুঁকিপূর্ণ গ্যাস পাইপলাইনের কারণে প্রায়ই লিকেজের ঘটনা ঘটছে, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

নৌ অ্যাম্বুলেন্সের হদিস নেই, চিকিৎসাবঞ্চিত চরের মানুষ

জুলাইযোদ্ধা শহীদ আকাশের মা সরকারি ভাতা চান

সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের লাশ উদ্ধার

বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার

রায়পুরায় টানা বৃষ্টিতে মাটির দেওয়াল ধসে শিশুর মৃত্যু

শেখ হাসিনার রোগ বিএনপির মধ্যে দেখতে চাই না: সারজিস আলম

ভাঙ্গায় বকেয়া বেতনের দাবিতে নৈশ প্রহরীদের বিক্ষোভ, শিক্ষা অফিসে তালা

কিশোরগঞ্জে লাশবাহী ট্রলারে ডাকাতি

বোরকা পরে বাসায় ঢুকে হত্যা মামলার বাদীকে কুপিয়েছে সন্ত্রাসীরা

ঢাকা-পাটুরিয়া মহাসড়কে শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট