ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউন ও দেশ জুড়ে নাশকতার প্রতিবাদে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মিছিলে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ককটেলের তেজস্ক্রিয়তায় মিছিলের সামনে থাকা সুজন বেপারী (৩৫) নামে এক বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জনতা ব্যাংকের মোড়ে এ ঘটনা ঘটে। আহত সুজন বেপারী জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার আব্বাস বেপারীর ছেলে এবং বিএনপির সক্রিয়কর্মী।
আটক দুজনের মধ্যে রয়েছেন জেলা সদরের মাচ্চর ইউনিয়নের শিবরামপুর মঙ্গলপাড়া এলাকার হাসান চৌধুরীর ছেলে শাওন চৌধুরী (২৫) ও একই এলাকার মোস্তাক মণ্ডলের ছেলে বাকের আলী মণ্ডল (২৬)।
জানা গেছে, রাত সোয়া ৯টার দিকে শহরের পূর্বখাবাসপুর মহাকালী মোড় এলাকা থেকে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন ও মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ এর নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি মিছিল বের হয়।
মিছিলটি কোতোয়ালি থানার সামনে দিয়ে জনতা ব্যাংকের মোড়ে পৌঁছালে অতর্কিতভাবে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণে সুজন বেপারী আহত হলে তাঁকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে পাশের একটি বাণিজ্যিক ভবনের ভেতর থেকে সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন উপস্থিত বিএনপির নেতা কর্মীরা।
জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা নিজেরা পালিয়ে থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে দেশজুড়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে । আমাদের শান্তিপূর্ণ মিছিলে ককটেল নিক্ষেপের ঘটনা তারই অংশ। ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে, এরা আওয়ামী লীগের ভাড়াটিয়া সন্ত্রাসী।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে দিয়েছে। থানা-পুলিশ হেফাজতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।