ঢাকা-চট্টগ্রাম রেলপথে গাজীপুরের পূবাইলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেলের দিকে ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডে এ ঘটনা ঘটে। আগুনে সৃষ্ট কালো ধোঁয়ায় ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ট্রেনের যাত্রীদের বরাতে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনটি পুবাইল স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে চলতে থাকে। পুবাইল স্টেশন ছাড়িয়ে কিছুদুর যাওয়ার পরই ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে প্রচুর কালো ধোঁয়ার তৈরি হলে ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে । এতে ট্রেনটির ইঞ্জিন বন্ধ করে দিলে ধোঁয়া কমে গেলেও আগুন থেকে যায়। পরে স্থানীয়রা পানি নিয়ে এগিয়ে এসে ও ট্রেনের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলা হয়।
ভৈরব রেলওয়ে থানার ওসি রফিকুল হাসান বলেন, ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়ার তৈরি হয়েছিল। তবে আগুন ছিল কি না তা নিশ্চিত করতে পারেননি। এতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল এক ঘণ্টা বন্ধ থাকে। তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
এ ব্যাপারে টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইমরান হোসেন বলেন, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এগারো সিন্দুর ট্রেনে গাজীপুরের পুবাইল এলাকায় আগুন লাগার কারণে ভৈরব-ঢাকা রোডে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।