নরসিংদীর বেলাবোতে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার সদর ইউনিয়নের গাংকুলপাড়ায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কার্যালয়টি লক্ষ্য করে পেট্রোলজাতীয় তরল পদার্থ দিয়ে আগুন ছুড়ে দ্রুত পালিয়ে যায়। শাখা ব্যবস্থাপকসহ অন্য কর্মীরা ভবনের ওপরের তলায় অবস্থান করায় বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পান। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে এ ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. নাজমুল আলম বলেন, রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা পেট্রোলজাতীয় তরল পদার্থ ছুড়ে আগুন দেয়। আমিসহ অন্য কর্মীরা ওপরের তলায় থাকায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে; এতে বড় ধরনের নাশকতা থেকে রক্ষা পাওয়া গেছে।
বেলাবো থানার পরিদর্শক (তদন্ত) সরল মরমু বলেন, কয়েকজন দুষ্কৃতকারী রাত ৩টার পর গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোলজাতীয় তরল পদার্থ দিয়ে আগুন দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যাংক ব্যবস্থাপক এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।