টানা অতিরিক্ত বৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে রওশোন আরা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার বিকেলের দিকে নরসিংদীর বেলাবো উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মৃত আব্দুল আজিজের স্ত্রী নিহত রওশোন আরা বেগম দীর্ঘদিন ধরে এক মেয়েকে নিয়ে ধুকুন্দী গ্রামের নিজ বসতভিটায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের টানা বৃষ্টিতে মাটির ঘরের আশপাশে পানি জমে দেয়াল নরম হয়ে পড়ে। রোববার বিকালে হঠাৎ করে ঘরের একটি দেয়াল ধসে রওশোন আরা বেগমের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের পরিবার জানায়, তারা অত্যন্ত অসহায় অবস্থায় দিনযাপন করছেন। টানা বৃষ্টিতে বসতঘরটি প্রায় সম্পূর্ণ ধসে পড়ায় মাথা গোঁজার ঠাঁইও অনিশ্চিত হয়ে পড়েছে।
অন্যদিকে একই দিনে উপজেলার পাহাড় উজিলাবো গ্রামের মৃত হারু মিয়ার ছেলে হারুন মিয়ার বসত ঘর অতিরিক্ত বৃষ্টির কারণে ধসে পড়ে। ঘরে কোনো লোক না থাকায় কেউ হতাহত হননি, তবে প্রয়োজনীয় অনেক জিনিসপত্রের ক্ষতি হয়েছে বলে জানা যায়।
স্থানীয়দের দাবি, টানা বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ মাটির ঘরে বসবাসকারী পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বেলাবো থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এমএইচ