নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টস ওয়েস্টেজ (ঝুট) ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জাতীয়তাবাদী যুবদলের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় ‘ডসল্যান্ড গার্মেন্টস’-এর সামনে এ ঘটনা ঘটে।
এতে প্রতিপক্ষের গুলিতে রাকিব (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হন এবং রফিক নামে আরেকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডসল্যান্ড গার্মেন্টসের ঝুট ব্যবসার দখল নিয়ে ইউনিয়ন যুবদল নেতা সারজিল আহমেদ অভি এবং ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রসহ মুখোমুখি অবস্থান নেয় এবং কিছুক্ষণ পর সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে অভি গ্রুপের সশস্ত্র সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় এনায়েতনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকার ছেলে রাকিব গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
চাঁদনী হাউজিং এলাকার বাসিন্দারা জানান, সংঘর্ষের সময় অস্ত্রের মহড়া ও গোলাগুলিতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। জীবন বাঁচাতে সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করেন এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
স্থানীয়দের অভিযোগ, জেলা যুবদলের প্রভাবশালী এক নেতার ছত্রছায়ায় সারজিল আহমেদ অভি এলাকায় দিনে দিনে বেপরোয়া হয়ে উঠছেন। ঝুট ব্যবসা ও এলাকা নিয়ন্ত্রণে তার বাহিনী নিয়মিত মহড়া দিচ্ছে। এর আগেও তার নেতৃত্বে একই এলাকায় অবস্থিত ‘মাদার কালার’ নামের আরেকটি গার্মেন্টসের ঝুট নামানোকে কেন্দ্র করে ভাঙচুর করা হয়েছিল।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নান জানান, চাঁদনী হাউজিং এলাকায় ডসল্যান্ড নামের একটি গার্মেন্টসের ঝুট নামানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।