গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর বলেছেন, বিগত ১৭ বছর শিক্ষার যে পদ্ধতি ছিল, তার এখন পরিবর্তন হচ্ছে। শিক্ষার মান উন্নয়নে শুধু একাডেমিক নয়, সব দিকের উন্নয়ন দরকার। শিক্ষার্থীরা স্কুলে এসে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, মানসিক বিকাশ, জ্ঞান অর্জন করতে পারবে তখনই শিক্ষার বিকাশ ঘটবে। শিক্ষার্থীদের জ্ঞানের পূর্ণাঙ্গ বিকাশ ঘটলে সব দিক থেকে শিক্ষার মান উন্নয়ন হবে। এই শিক্ষার মান উন্নয়নের জন্য যা করার দরকার আমরা সব করব।
শনিবার সকাল ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত জেলা শহরের ১০২নং বীনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য ডা. কে. এম বাবর বলেন, গোপালগঞ্জের জন্য সব কিছু করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, গোপালগঞ্জকে আলাদা দৃষ্টিতে দেখা হবে না। অন্যান্য জেলার মতো একই উন্নয়ন করা হবে। আশা করি গোপালগঞ্জবাসী কোনো কিছু থেকেই বঞ্চিত হবে না।
এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌলশী মো. এহসানুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউল কবীর বিপ্লব, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনসহ শিক্ষক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।