হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১, আহত ৬

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

আশুলিয়ায় বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে গোলাম রাব্বানী (৫০) নামের একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

শনিবার (১১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী।

এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকার রহমতুল্লাহর টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রাব্বিনী (৫০) ওই বাড়ির ম্যানেজার। তবে প্রাথমিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন সুইপার ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), সোনিয়া আক্তার (৩৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও শিশু রোহান (৭)। আহতদের মধ্যে সুইপার ইমান আলীর অবস্থা গুরুতর বলে জানায় ফায়ার সার্ভিস। বাকি আহতরা ওই বাড়িতে ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, রাতে টিনশেড বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য চুক্তিতে সুইপার নিয়োগ দেন বাড়ির ম্যানেজার। এ বাড়িতে পাশাপাশি দুটি সেপটিক ট্যাংক রয়েছে। একটি ট্যাংক পরিষ্কার করার পরে অন্যটি পরিষ্কার করতে গেলে তা বিস্ফোরিত হয়। এতে ওই ট্যাংকের ঢাকনা বাড়ির টিন ভেঙে চালের ওপর উঠে যায়। ওই কক্ষের নিচের পাটাতনসহ দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ে।

এ ঘটনায় বাড়ির ম্যানেজার গোলাম রাব্বিনী ঘটনাস্থলেই মারা যান এবং সুইপার ইমান আলী (৪৫) গুরুতর আহত হন। এছাড়াও ওই বাড়িতে ভাড়া কক্ষে থাকা শিশুসহ আরও অন্তত ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, আমরা রাত ২টা ১৫ মিনিটের দিকে ঘটনার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসের বিষক্রিয়া থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

টঙ্গীতে মার্কেটে আগুন, ১৫টি দোকান পুড়ে ছাই