হোম > সারা দেশ > ঢাকা

বোয়ালমারীতে বুধবার ৯ গ্রামে উদ্‌যাপিত হচ্ছে ঈদুল আজহা

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ছবি: আমার দেশ

ফরিদপুরের বোয়ালমারীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ৯টি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল আজহা উদ্‌যাপনের প্রস্তুতি নিয়েছেন। আগামীকাল বুধবার সকালেই এসব গ্রামের পাঁচ শতাধিক মানুষ ঈদের নামাজ আদায় করবেন। পূর্বপুরুষদের অনুসৃত ধর্মীয় ঐতিহ্য ও আধ্যাত্মিক বিশ্বাস ধারণ করে বছরের পর বছর ধরে তারা সৌদির চাঁদ দেখার সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদ উদ্‌যাপন করে আসছেন।

এ উপলক্ষে উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের কাঁটাগড়, সহস্রাইল, দরিসহস্রাইল, মাইটকুমড়া, রাখালতলি, গঙ্গানন্দপুরসহ মোট ৯টি গ্রামে এখন ঈদের আমেজ বিরাজ করছে। ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করা, ঈদের জামাতের প্রস্তুতি ও অতিথি আপ্যায়নের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টা থেকে পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের নামাজ শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হবে। এছাড়া দূরদূরান্ত থেকে আগত মুসল্লিদের জন্যও বিশেষ আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।

এই অঞ্চলের মুসল্লিরা মূলত চট্টগ্রামের সাতকানিয়া ও সীতাকুণ্ডের মাহমুদাবাদ মির্জাখিল দরবার শরিফের অনুসারী। তারা সৌদি আরবের চাঁদ দেখা ও ধর্মীয় সিদ্ধান্ত অনুসরণ করে দীর্ঘদিন ধরে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। স্থানীয়দের দাবি, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এ ধর্মীয় রীতি এখনো অটুট রয়েছে।

এবার সহস্রাইল, মাইটকুমড়া ও রাখালতলী—এই তিন স্থানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর মধ্যে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে সহস্রাইল উত্তরপাড়া জামে মসজিদে। সেখানে ইমামতি করবেন মাওলানা রাকিবুল হাসান রাকিব। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে পর্যায়ক্রমে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এতে স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন।

দরিসহস্রাইল গ্রামের এক প্রবীণ মুসল্লি জানান, ‘এই ধারা শুরু হয়েছিল কলকাতার আলিগড় মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামসুল আরেফীনের হাত ধরে। সেই সময় থেকেই আমাদের পূর্বপুরুষেরা সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছেন। আমরা এখনো সেই ঐতিহ্য ধরে রেখেছি।’

আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মাহিদুল ইসলাম বলেন, ‘আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করব। সারা বিশ্বের মুসলমানদের একই দিনে ঈদ পালন করা উচিত বলে আমরা মনে করি। প্রতি বছরই এখানে মুসল্লির সংখ্যা বাড়ছে। বিভিন্ন এলাকা থেকে মানুষ ঈদের জামাতে অংশ নিতে আসেন। তাদের জন্য আমরা অতিথি আপ্যায়নের ব্যবস্থাও করি।

নিরাপত্তা প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, সহস্রাইল, মাইটকুমড়া ও রাখালতলি- এই তিনটি স্থানে শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান বলেন, সৌদির সঙ্গে মিল রেখে কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপনের বিষয়টি আমাদের জানা রয়েছে। এটি স্থানীয়দের দীর্ঘদিনের ধর্মীয় অনুশীলন। তারা আগামীকাল ঈদের নামাজ আদায় করবেন।

এমএইচ

মানিকগঞ্জে বাস খাদে পড়ে আহত ৫০

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসভাড়া দ্বিগুণ, মানুষ যাচ্ছে ট্রাকে

গাজীপুরে ঈদযাত্রায় শ্রমজীবীসহ ঘরমুখী মানুষের ঢল

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধে যাত্রীদের ভোগান্তি

আড়াইহাজারে ধর্ষণচেষ্টার সন্দেহে আটক ২

দৌলতদিয়া-পাটুরিয়ায় এক ঘণ্টা পর নৌ চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে ট্রাকের দাপট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ