শরীয়তপুরের নড়িয়ায় পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে প্রায় ৭০০ জন অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিরহাট এলাকায় হালিমা-খালেক ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ অসহায় ও হতদরিদ্র মানুষের হাতে ঈদ উপহারের ব্যাগ তুলে দেন।
ঈদ উপহার পেয়ে খুশি উপকারভোগীরা জানান, এমন সহায়তা তাদের ঈদের প্রস্তুতিতে স্বস্তি এনে দিয়েছে। অনেকেই বলেন, ঈদের আগে এই সহযোগিতা পেয়ে তারা পরিবার নিয়ে কিছুটা স্বস্তিতে ঈদ উদ্যাপন করতে পারবে।
এ সময় এমপি সফিকুর রহমান কিরণ বলেন, হালিমা-খালেক ফাউন্ডেশনের উদ্যোগে নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে সহায়তাসামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়নের প্রায় ৭০০ দরিদ্র পরিবারের হাতে এসব উপহারের ব্যাগ তুলে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা বিশ্বাস করি, আগামী এক বছর পর যখন আবার রমজান মাস আসবে, তখন এই ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত হবে। এমন একটি সময় আসবে, যখন আমরা সহায়তার ব্যাগ নিয়ে অপেক্ষা করব, কিন্তু এত হতদরিদ্র মানুষ আর খুঁজে পাওয়া যাবে না।’
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে—এটাই আমাদের বিশ্বাস। সমাজে যারা গৃহহারা, যারা সাহায্য থেকে বঞ্চিত, যাদের পাশে দাঁড়ানোর কেউ নেই—বিশেষ করে অনেক বয়স্ক মানুষ আছেন, যাদের দেখাশোনার মতো সন্তান নেই—তাদের পাশে দাঁড়াতে হবে।
এমপি কিরণ বলেন, আমি চাই আমার নড়িয়া ও সখীপুর এলাকার মানুষ যেন আর কখনো না খেয়ে ঘুমাতে না যায়। এটাই আমার অঙ্গীকার।
এ সময় উপস্থিত ছিলেন হালিমা-খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি হাবিবুর রহমান পলাশ, ফাউন্ডেশনের পরিচালক মোসাম্মৎ সাধনা মাঝি, হোসাইন ইসলাম জয়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।