বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারসহ গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বর্তমান সরকারের সদিচ্ছা ও আন্তরিকতা দেখা যাচ্ছে না। জনগণের কাঙ্ক্ষিত সব দাবি আদায়ের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১১ দলীয় জোটের লংমার্চে শত শত উচ্ছ্বসিত জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শনিবার সকাল ১১টায় ফরিদপুরের ভাঙ্গা নতুন পৌরসভার বটতলা মোড়ে ১১ দলীয় জোটের লংমার্চের যাত্রাবিরতিকালে তিনি এসব কথা বলেন। এর আগে জামায়াতের নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী সমর্থক ও নেতাকর্মীরা দলীয় নেতা এবং লংমার্চের বহরকে স্বাগত জানাতে ভাঙ্গা আসেন।
লংমার্চের প্রতি আস্থা ও সমর্থনে ঘর ছেড়ে শত শত উচ্ছ্বসিত জনতা রাস্তায় নেমে এসেছে উল্লেখ করে জামায়াত আমীর আরও বলেন, ইতিমধ্যে লংমার্চকে কেন্দ্র করে জনতার ঢল নেমেছে। দখলবাজ ও দুর্নীতিবাজরা যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান এবং লংমার্চের সফলতার জন্য সবার দোয়া ও ভালোবাসা কামনা করেন।
লংমার্চের গাড়ি বহরের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও ভাঙ্গা থানার পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
‘চলো চলো লংমার্চে, জনতার অধিকার আদায়ের এক মঞ্চে’—এই স্লোগানকে সামনে রেখে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অঞ্চলে ১১ দলীয় জোটের এই লংমার্চ অনুষ্ঠিত হয়। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যর বিচার, বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে সাত দফা দাবি বাস্তবায়নই এই লংমার্চের মূল লক্ষ্য বলে জানান জামায়াতে ইসলামীর ভাঙ্গা পৌর নায়েবে আমীর ডা. এনায়েত হোসেন।
—এমএইচ