রাজবাড়ী জেলাধীন কালুখালীতে কুষ্টিয়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন এর খাগজানা মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাংশা থেকে দৌলতদিয়াগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী চৌধুরী ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপচালক নিহত হন।
খবর পেয়ে পাংশা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল।
থানার এসআই মো. সাজ্জাত। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।
ঘটনাস্থলে পাংশা হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন, থানার এসআই মো. সাজ্জাতসহ অন্যান্য ফোর্স উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম মিদুল (২৫)।
তিনি আব্দুল মতিনের ছেলে। তার বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলার সরকারকারী গ্রামে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমএইচ