হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে অবরোধে আসা আ.লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন দুজন। এ সময় ভাঙচুর করা হয়েছে বিএনপির সমাবেশস্থল। আগুন দেওয়া হয়েছে মোটরসাইকেল, রেস্টুরেন্ট ও খাবারের হোটেলে। এছাড়া দফায় দফায় ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ও বিকেনগর এলাকায় অবরোধের কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে প্রায় দেড় ঘণ্টা এবং পদ্মা সেতু দিয়ে যান চলাচল প্রায় ৪৫ মিনিট বন্ধ থাকে।

রোববার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ও বিকেনগর এলাকায় এসব ঘটনা ঘটে। অবরোধের কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে প্রায় দেড় ঘণ্টা এবং পদ্মা সেতু দিয়ে যান চলাচল প্রায় ৪৫ মিনিট বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার বিকেনগর এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। পরে তারা এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় বিএনপির নেতাকর্মীরাও সেখানে অবস্থান করছিলেন।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহতের চেষ্টা করলে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে দফায় দফায় ককটেল বিস্ফোরণে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের ব্যবহৃত মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। বিভিন্ন সূত্রে অর্ধশতাধিক মোটরসাইকেল পোড়ানোর তথ্য পাওয়া গেছে। পরে নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও একটি খাবারের হোটেলে আগুন দেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ।

শরীয়তপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আকরাম এলাহী বলেন, সকালে পদ্মা সেতু এলাকায় সংঘর্ষের ঘটনায় ইব্রাহিম সিপাহি (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি হাফিজুদ্দিনের ছেলে। তবে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।

ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে বিপুলসংখ্যক মানুষকে দেশীয় অস্ত্র হাতে সড়কে অবস্থান করতে দেখা যায়। পাশাপাশি একের পর এক ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন স্থানে আগুনের দৃশ্যও দেখা গেছে।

এদিকে অবরোধের কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনচালকেরা। পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও টোল প্লাজায় হামলা বা ভাঙচুর না করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়ার ঘটনাও সামনে এসেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, ‘আমরা খবর পেয়েছিলাম, কেউ পদ্মা সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে। সেই পরিপ্রেক্ষিতে সারা রাত দায়িত্ব পালন করেছি। আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল। তবে সকালের দিকে কিছু লোক এসে ককটেরের বিস্ফোরণ ঘটায়। আমরা কোনো ধরনের প্রাণহানি না ঘটিয়ে তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছি।’

তিনি আরো বলেন, এ ঘটনায় পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অবরোধে অচল গোপালগঞ্জ, সড়ক-মহাসড়কে যান চলাচল বন্ধ

লকডাউন উপেক্ষা করে শরীয়তপুর-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক

সাভার ও আশুলিয়ায় পার্কিং করা দুই বাসে আগুন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দুর্ভোগে হাজারো যাত্রী

কালিয়াকৈর শিল্পাঞ্চলে ফিরেছে প্রাণচাঞ্চল্য

খননের পর উধাও জিয়া খালের মাটি, যুবলীগ-ছাত্রলীগ ও ছাত্রদলের সাবেক নেতার নামে মামলা

গাজীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

চরভদ্রাসনে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল