হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি এমপির হস্তক্ষেপে হাটুভাঙ্গা সেতুর টোল আদায় বন্ধ

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই নদীর ওপর অবস্থিত আলোচিত হাটুভাঙ্গা সেতুতে মোটরসাইকেলের টোল আদায় প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপের পর ইজারাদার এ সিদ্ধান্ত নেন। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব।

জানা গেছে, চলতি অর্থবছরের শুরু থেকে অর্থাৎ ১ জুলাই থেকে সরকারি নির্ধারিত টোল তালিকা অনুযায়ী হাটুভাঙ্গা সেতুতে প্রতিটি মোটরসাইকেলের জন্য ৫ টাকা করে টোল আদায় শুরু হয়। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও নিয়মিত সেতু ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

পরিস্থিতি স্থানীয় সংসদ সদস্য টাঙ্গাইল-৭ আসনের আবুল কালাম আজাদ সিদ্দিকীর নজরে এলে তিনি উপজেলা প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরে ইজারাদার মাসুদুর রহমান মোটরসাইকেলের টোল আদায় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

হাটুভাঙ্গা সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠান মাসুদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও ইজারাদার মাসুদুর রহমান বলেন, “স্থানীয় জনগণ ও সেতু ব্যবহারকারীদের স্বার্থ বিবেচনায় মোটরসাইকেলের টোল আদায় বন্ধ করা হয়েছে। এ খাত থেকে প্রতিদিন প্রায় ৫ হাজার টাকা, মাসে প্রায় দেড় লাখ টাকা এবং তিন বছরের ইজারা মেয়াদে আনুমানিক ৫৪ লাখ টাকা রাজস্ব পাওয়ার সম্ভাবনা ছিল। আর্থিক ক্ষতি হলেও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব বলেন, “সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর উদ্যোগে ইজারাদারের সঙ্গে আলোচনা করে হাটুভাঙ্গা সেতুতে মোটরসাইকেলের টোল আদায় বন্ধ করা হয়েছে।”

এ বিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমেরী খান বলেন, “এই সেতুতে ভবিষ্যতে যেন আর টোল আদায়ের ইজারা না দেওয়া হয়, সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মতামত পাঠিয়েছি। এছাড়া স্থানীয় সংসদ সদস্যও নির্বাচিত হওয়ার পরপরই টোল বন্ধের জন্য সড়ক ও জনপথ বিভাগে ডিও লেটার দিয়েছেন।”

টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, “সেতুর টোল পুরোপুরি বন্ধ করতে হলে সংশ্লিষ্ট আইন সংশোধন বা বাতিল করতে হবে। আগামী সংসদ অধিবেশনে আমি বিষয়টি উত্থাপন করব। পাশাপাশি নতুন করে যাতে এ সেতুর টোল ইজারা না দেওয়া হয়, সে বিষয়ে নির্বাচিত হওয়ার পরপরই সড়ক ও জনপথ বিভাগে ডিও লেটার দিয়েছি।”

উল্লেখ্য, ২০২৬ সালের ১ জুলাই থেকে আগামী তিন বছরের জন্য ৮ কোটি ৯২ লাখ টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে মাসুদ এন্টারপ্রাইজ হাটুভাঙ্গা সেতুর টোল আদায়ের ইজারা লাভ করে। তবে স্থানীয়দের দাবির মুখে এবং জনপ্রতিনিধির হস্তক্ষেপে মোটরসাইকেলের টোল আদায় কার্যক্রম প্রত্যাহার করা হয়েছে।

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেলেন স্বজনরা, পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী

পুরোনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ায় দুই শিক্ষককে অব্যাহতি

রড দিয়ে পিটিয়ে স্কুলশিক্ষকের পা ভেঙে দিল সন্ত্রাসীরা

আজীবন বিএনপি করে মরতে চান আ.লীগ নেতা

পুরোনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা গ্রহণ, দুই শিক্ষক প্রত্যাহার

দুই মাস পর কবর থেকে তোলা হলো কৃষকদল নেতার লাশ

ফতুল্লায় বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

ভাঙ্গায় সুমন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

রায়পুরায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগ