ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নে একটি বাড়িতে চুরির অভিযোগে ইলিয়াস মোল্যা (৪০) নামে এক যুবলীগ সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। শনিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার বাগুয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ইলিয়াস মোল্যা গুণবহা ইউনিয়নের কামারগ্রাম পশ্চিমপাড়া এলাকার আব্দুল গফফার মোল্যার ছেলে। স্থানীয়দের দাবি, তিনি যুবলীগের একজন কর্মী বা সদস্য হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাগুয়ান গ্রামের বীজ ও সার ব্যবসায়ী শরিফুল ইসলাম শরিফের বাড়িতে গভীর রাতে দেয়াল টপকে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে ঘরের দরজার নিচের অংশ ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার এবং ফ্রিজে থাকা মাছ-মাংস চুরির চেষ্টা করা হয়।
এ সময় ঘরের ভেতরে শব্দ শুনে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলে পরিবারের সদস্যরা তাকে ধাওয়া করেন। পরে বাড়ির পাশের একটি বাগান থেকে তাকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
ভুক্তভোগী শরিফুল ইসলাম শরিফ বলেন, “রাতের বেলা শব্দ পেয়ে আমার ঘুম ভেঙে যায়। পরে দেখি একজন ব্যক্তি ঘর থেকে বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করছে। আমরা ধাওয়া করে তাকে আটক করি। আমার ঘর থেকে টাকা ও স্বর্ণালংকার নেওয়া হয়েছে।”
স্থানীয় বাসিন্দা পলাশ মোল্যা বলেন, “অভিযুক্ত ব্যক্তি এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া উচিত।”
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন সময়ে চুরি ও মাদকসেবনের অভিযোগ শোনা গেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।