মাদক কারবারিদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতার বাড়িতে সন্ত্রাসীরা ফাঁকা গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে।
সোমবার রাত সাড়ে ১১টায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহর (৩৯) ভুলতার লাভরাপারা গ্রামের এ ঘটনা ঘটে।
মাসুম বিল্লাহ জানান, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়তে সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা এলাকাবাসীকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছেন। ৫ জানুয়ারি মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। পরে স্থানীয় মাদক ব্যবসায়ী শাহিন ও তার বাহিনী আধিপত্য বিস্তারের জন্য অস্ত্র নিয়ে এলাকাবাসীর ওপর হামলার প্রস্তুতি নেয়। এতে এলাকাবাসী একত্রিত হয়ে তাদের প্রতিহত করে।
পুলিশ বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ শাহিনের এক সহযোগীকে আটক করেছে। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা সোমবার রাত সাড়ে ১১টায় মাসুম বিল্লাহর বাড়িতে গুলিবর্ষণ করে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে দু’টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মাসুম বিল্লাহ রূপগঞ্জ থানায় অভিযোগ করেছেন।
এমএস