গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুয়ারচালা বারেক মার্কেট এলাকায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে একটি শিয়াল ওই এলাকার একটি বাড়িতে ঢুকে হালিমা আক্তারকে কামড়ে আহত করে। পরে শিয়ালটি আশপাশের কয়েকটি বাড়িতে ঢুকে একের পর এক লোকজনকে কামড়াতে থাকে। এতে হাসান মিয়া, শাওন, বিলকিস বেগম, মোরশেদা বেগম, হালিমা আক্তার, টিপু মিয়াসহ অন্তত ২০ জন আহত হন।
আহতদের মধ্যে কয়েকজনকে গাজীপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আক্রান্তদের জলাতঙ্ক প্রতিরোধ টিকা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা জামিরুল ইসলাম বলেন, হঠাৎ করেই একটি পাগলা শিয়াল গ্রামের মধ্যে ঢুকে পড়ে এবং নারী-পুরুষসহ অন্তত ২০ জনকে কামড়ে আহত করে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আক্তার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে খোঁজখবর নিয়ে আহতদের দ্রুত চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
বন বিভাগের সহকারী বন সংরক্ষক শহিদুল হাসান শাকিল বলেন, খবর পেয়ে আমরা শিয়ালটিকে শনাক্ত ও নিয়ন্ত্রণে নিতে চেষ্টা চালাচ্ছি। বন্য প্রাণী দেখলে কেউ নিজে ধরার চেষ্টা না করে বন বিভাগকে জানাতে অনুরুধ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন বলেন, শিয়ালের কামড়ে কিছু লোক আহত হওয়ার সংবাদ পেয়েছি । আহতদের চিকিৎসা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এমই