বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠান কারিতাস ঢাকা অঞ্চলের আয়োজনে শিশুশ্রম সমস্যা বিষয়ে অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর একটি চাইনিজ রেস্তোরাঁ মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক মোসাম্মৎ জুলিয়া জেসমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক সৌরভ রোজারিও। বক্তব্য রাখেন কারিতাস কর্মকতা আগস্টিন শুভাষ পিউরিফিকেশন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট শাহ আলম, সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব দিন মোহাম্মদ, সমাজ কর্মী জাহানারা বেগম, নুরুল আমিন প্রমুখ।
সভা পরিচালনা করেন কারিতাসের কর্মসূচি কর্মকর্তা অসীম ক্রুশ। সভায় ভাসমান ও বস্তিবাসী শিশুদের জন্মনিবন্ধন করতে সমস্যা, শিশুদের মায়ের জন্মনিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র তৈরীতে সমস্যাসহ শিশুদের লেখাপড়া ও বাসস্থান সমস্যাসমূহ তুলে ধরা হয়। শিশুদের সুনাগরিক হিসেবে গড়তে অধিক সংখ্যায় ডে-কেয়ার সেন্টার স্থাপন, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম হয় এমন এলাকা মনিটরিং, শিশুদের ব্রিজিং শিক্ষা ও স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থাসহ নানা সুপারিশ তুলে ধরা হয়।
জন্মনিবন্ধন ও এনআইডি করার ক্ষেত্রে পদ্ধতিসমূহ আরো সহজতর করার প্রস্তাবনা তুলে ধরা হয়।
জেডএম