পহেলা বৈশাখ উপলক্ষে পাকুন্দিয়া-এ অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বোরো ধান কর্তন উৎসব। মঙ্গলবার উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের খামা এলাকায় আনুষ্ঠানিকভাবে ধান কর্তনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কর্তনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন।
পাকুন্দিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরে-ই-আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি মো. কামাল উদ্দিন, মো. এরফান উদ্দিন, এমদাদুল হক বুলু, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জর্জ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ ধান কর্তন উৎসবে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হামিমুল হক সোহাগ, স্থানীয় কৃষক-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
গ্রামীণ জনপদের এই প্রাণবন্ত আয়োজন নতুন বছরের সূচনাকে আরও আনন্দমুখর করে তোলে। কৃষকেরা বাংলা বছরের প্রথম দিনে উৎসবে অংশ নিয়ে উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে প্রায় ১০ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। মাঠের অবস্থা ভালো থাকায় এবার ফলনও আশানুরূপ হয়েছে এবং কৃষকেরা লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।