ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত তিন দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী রাস পূজা ও পুণ্যস্নান আয়োজনের মাঠ। টানা বৃষ্টিতে মাঠজুড়ে পানি ও কাদা জমে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। এতে ভোগান্তিতে পড়েছেন রাস পূজায় অংশ নিতে আসা পুণ্যার্থী, দর্শনার্থী ও মেলায় দোকান নিয়ে আসা ব্যবসায়ীরা।
প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী রাস পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এ উৎসবকে ঘিরে গ্রামীণ মেলা বসে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটে।
তবে এবার ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়া ও টানা তিন দিনের ভারী বৃষ্টিতে উৎসবস্থলে নানা সমস্যা দেখা দিয়েছে। বৃষ্টির পানি জমে মাঠের বিভিন্ন স্থানে কাদাপানি সৃষ্টি হওয়ায় পুণ্যার্থী ও দর্শনার্থীদের চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেড়েছে। পাশাপাশি মেলার দোকানপাট পরিচালনা ও পণ্যসামগ্রী বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা।
পুণ্যার্থী ও দর্শনার্থী পুষ্পজিত মণ্ডল বলেন, ধর্মীয় অনুভূতি ও ঐতিহ্যের টানে দূরদূরান্ত থেকে আমরা দুবলার চরে এসেছি। কিন্তু বৃষ্টিতে মাঠের অবস্থা খারাপ হওয়ায় স্বাভাবিকভাবে চলাচল ও পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে অসুবিধা হচ্ছে। তিনি দ্রুত মাঠের পানি নিষ্কাশন ও চলাচলের উপযোগী পরিবেশ তৈরির দাবি জানান।
মেলায় দোকান নিয়ে আসা ব্যবসায়ী কৃষ্ণ জানান, বৃষ্টির কারণে দোকানের সামনে পানি ও কাদা জমে যাওয়ায় ক্রেতাদের চলাচল ও কেনাবেচা ব্যাহত হচ্ছে। দূরদূরান্ত থেকে পণ্যসামগ্রী নিয়ে এলেও বৈরী আবহাওয়ার কারণে প্রত্যাশিত বেচাকেনা করতে পারছেন না তাঁরা।
এ বিষয়ে বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, রাস উৎসবকে কেন্দ্র করে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, নিরাপত্তা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে বন বিভাগ দায়িত্ব পালন করছে। বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৃষ্টিজনিত দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করেছেন পুণ্যার্থী, দর্শনার্থী ও ব্যবসায়ীরা। ঐতিহ্যবাহী এ ধর্মীয় আয়োজন নির্বিঘ্ন করতে মাঠের পানি নিষ্কাশন, চলাচলের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।