সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা এলাকা বন বিভাগের সদ্যদের গুলিতে এক আহরণকারী জেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সকালে খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আমিনুর রহমান (৪৫) উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আকছেদ গাজীর ছেলে।
সহযোগী জেলেদের ভাষ্য অনুযায়ী, তারা ওইদিন সকালে শতমুখি খাল এলাকায় কাঁকড়া আহরণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বনবিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন। নির্দেশনা অমান্য করলে একপর্যায়ে গুলি ছোড়া হয়। এতে আমিনুর গুলিবিদ্ধ হন এবং পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বনবিভাগের এক কর্মকর্তা জানান, বর্তমানে সুন্দরবনে বনদস্যু দমনে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। বনবিভাগ, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে উদঘাটন করা হবে।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, খুলনা রেঞ্জের ডিএফও, সাতক্ষীরার এসিএফ, শ্যামনগরের ইউএনও, থানাকে অবহিত করা হয়েছে। বনবিভাগের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের আশ্বাস দেয়া হয়েছে।
জেডএম