মায়ের মৃত্যুকে ঘিরে দেশজুড়ে আলোচনা
রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে সরকার। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালনকারী যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
এর আগে গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে নূর জাহান বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘ সময় অযত্নে পড়ে থাকার কারণে লাশে পচন ধরেছিল। একই সঙ্গে বাসার পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের নজরে বিষয়টি আসে এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে বৃদ্ধার বসবাসের পরিবেশ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়।
জানা গেছে, নূর জাহান বেগমের সন্তানদের মধ্যে একজন যুগ্ম সচিব, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং একজন শিক্ষিকা। সন্তানদের প্রতিষ্ঠিত অবস্থানের বিপরীতে মায়ের এমন পরিণতি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় আবারও আলোচনায় এসেছে পিতা-মাতার ভরণপোষণ আইন। আইন অনুযায়ী, পিতা-মাতার ভরণপোষণ, চিকিৎসাসেবা, নিয়মিত খোঁজখবর ও প্রয়োজনীয় পরিচর্যার দায়িত্ব সন্তানদের ওপর বর্তায়।
নূর জাহান বেগমের মৃত্যুর ঘটনা শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, বরং সমাজে বয়স্কদের প্রতি দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ নিয়েও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এমএইচ