হোম > সারা দেশ > খুলনা

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

স্টাফ রিপোর্টার

খুলনায় চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। তিনি স্পষ্ট করে বলেছেন, তার নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা হিসেবে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থাকার পূর্ণ আশ্বাস দেন তিনি।

শনিবার নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর কর্মপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক ও পেশাজীবী নেতাদের সহযোগিতা চেয়েছে এবং আমি আমার জায়গা থেকে সেই সহযোগিতা দিচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে কেউ চাঁদাবাজি করার সাহস না পায়।

খুলনার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, খুলনার মানুষ নিরাপত্তা, স্বস্তি ও স্বাভাবিক জীবনযাপন করতে চায়। কিন্তু বর্তমানে মানুষের মধ্যে একধরনের নিরাপত্তাহীনতা কাজ করছে। কখন কোথায় কী ঘটনা ঘটে, তা নিয়ে অনিশ্চয়তার কারণে অনেকে শহর ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ ও মানববন্ধন করছেন, চিকিৎসাসেবায় নিয়োজিত ব্যক্তিরাও নিরাপত্তার দাবিতে রাজপথে নেমেছেন—যা অত্যন্ত লজ্জাজনক।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলার পরও যদি চাঁদাবাজি অব্যাহত থাকে, তবে মানুষ স্বস্তি পাবে কীভাবে? চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চলছে, অথচ চাঁদাবাজিও থামছে না—এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

খুলনার পরিস্থিতিকে ‘অঘোষিত রেড জোন’ উল্লেখ করে এমপি হেলাল বলেন, জাতীয় সংসদেও তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ নজরদারি প্রয়োজন। নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমের মাধ্যমে সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে, প্রয়োজনে যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও নাগরিক নেতাদের সঙ্গে আলোচনা করে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তিনি।

হাসপাতাল ও চিকিৎসকদের হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কে বা কারা চাঁদাবাজি করছে, সে বিষয়ে প্রশাসন অবগত। চাঁদাবাজ যে-ই হোক এবং তাদের পৃষ্ঠপোষক বা আশ্রয়দাতা যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারের নয় মাসের মেয়াদে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

খুলনার উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে জেলার ছয়টি আসনের সংসদ সদস্যদের একসঙ্গে বসার আহ্বান জানিয়ে শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি বিমানবন্দর, গ্যাস ও বিদ্যুতের মতো অভিন্ন উন্নয়ন ইস্যুতেও ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি আরো বলেন, খুলনার ছয়জন সংসদ সদস্যের মধ্যে সরকারি দলের সদস্যসংখ্যা বেশি এবং তাঁদের মধ্যে একজন হুইপও রয়েছেন। সবার প্রতি আমার আহ্বান, দ্রুত একসঙ্গে বসে আলোচনা করুন। প্রথমে সংসদ সদস্যরা মিলে পরামর্শ করুন, এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে পরিস্থিতি মোকাবিলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা হোক।

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত