ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২২ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন ছাত্রদল। শনিবার ঝিনাইদহ সদর থানায় মামলা করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল কবির।
মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম তারেক রেজাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলার অন্যান্য আসামিরা হলেন মেহেদী হাসান আশিক, সিয়াম উদ্দিন তুর্য, তানাঈম, আসিফ, অয়ন রহমান খান, তাইন, জয়নাল, আলমগীর, শাহরিয়ার অভীক, লাবাবুল বাশার লাবু, শিহাব শাহ, নয়ন, সুলতান, হৃদয়, রুবায়েত হাসান তুর্য, শেখ সামি, রিফাত, হাকিম, কাইসার ও ইমরান ।
মামলার এজাহারে বলা হয়েছে, শুক্রবার দুপুরে বাদী এনামুল কবির ঝিনাইদহ পৌরসভাধীন পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে দুপুর দেড়টার দিকে মসজিদ থেকে বের হয়ে তিনি দেখতে পান, এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরুউদ্দীন পাটওয়ারী ঝিনাইদহ জেলা শাখার নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। বক্তব্যে তিনি বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর সমালোচনা করছিলেন।
এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ,ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি হৃদয় হোসেন এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদারসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে পিস্তলের বাট, ধারালো দা ও ইট দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয় বলে এজাহারে দাবি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদ উজ্জামান শনিবার বিকেলে জানান, বাদীর লিখিত অভিযোগে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১৫ জন নেতাকর্মীর নামে এনসিপির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল। ২৪ ঘণ্টার ব্যবধানে ছাত্রদল এই পাল্টা মামলা করলো।
এমই