ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা জোরদারে নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান। রাতের অন্ধকারে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সহল আব্দুল্লাহ, পিএসসি। এ সময় আর বিজি কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, রাতের বেলায় সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এসব প্রযুক্তির মাধ্যমে দুর্গম ও অন্ধকার এলাকায় সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা কিংবা অস্বাভাবিক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে।
তিনি আরো জানান, কোনো বিতর্কিত ব্যক্তি, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে দেশে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে।
দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে বিজিবি। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।