হোম > সারা দেশ > খুলনা

মোংলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বৈরী আবহাওয়ায় উত্তাল উপকূল

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বাগেরহাটের মোংলাসহ উপকূলীয় এলাকায় সোমবার (৬ জুলাই) ভোররাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর ও পশুর নদী। বৈরী আবহাওয়ার কারণে মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরে ঢেউয়ের উচ্চতা বেড়েছে। এর প্রভাব পড়েছে পশুর নদীতেও। নদীতে ঢেউ ও স্রোত বৃদ্ধি পাওয়ায় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

তবে সতর্ক সংকেত জারি থাকলেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে মোংলা বন্দরে পণ্য ওঠানামাসহ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

আবহাওয়া অধিদপ্তর উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরা ট্রলার ও নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে গভীর সাগরে থাকা জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকতে এবং আবহাওয়ার সর্বশেষ বুলেটিন অনুসরণ করতে বলা হয়েছে।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, লঘুচাপজনিত পরিস্থিতি উপজেলা প্রশাসন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, স্বেচ্ছাসেবক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সতর্ক অবস্থানে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতির অবনতি হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়ায় উপকূলীয় এলাকায় স্বাভাবিক জনজীবনে কিছুটা প্রভাব পড়েছে। প্রশাসন উপকূলবাসীকে অপ্রয়োজনীয়ভাবে নদী ও সাগরে না যাওয়ার পাশাপাশি গুজবে বিভ্রান্ত না হয়ে সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে।

দেবহাটায় মৎস্যঘেরে ডাকাতি, বাধা দেওয়ায় চাষিকে কুপিয়ে জখম

সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির