ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। গতকাল সোমবার রাতে শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, শৈলকুপার দোহারো গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লার সঙ্গে ইউনিয়ন যুবদলের নেতা মেহেদী হাসান বাবুর সমর্থকদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সন্ধ্যার পর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুর করা হয়।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।