বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়লকে নৃশংসভাবে কুপিয়ে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বারুইপাড়া ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত অর্ধবেলা হরতাল পালন করছে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন।
এই হরতালের কারণে দোকানপাট ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ।
বারুইপাড়া ইউনিয়নে সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক, ইঞ্জিনচালিত ভ্যান, মোটরসাইকেল এমনকি বাইসাইকেল চলাচলও বন্ধ আছে। যান চলাচল বন্ধ থাকায় অফিস-আদালতে যাওয়া মানুষ ও সাধারণ পথচারীরা ভোগান্তিতে পড়েছেন।
হরতালকারীদের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। আড়পাড়া বাজারের সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ আছে। সড়কে টায়ার জ্বালিয়ে, আড়াআড়িভাবে বাঁশ বেঁধে এবং চেয়ার বসিয়ে অবস্থান নিয়েছন আন্দোলনকারীরা।
এর আগে গত ৯ জুন ২০২৬ তারিখ রাত প্রায় ১০টার সময় আড়পাড়া থেকে ফকিরহাট যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হন বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল ও ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে বাদল মোড়ল ঘটনাস্থলে নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ মোড়লকে প্রথমে ফকিরহাট এবং পরে অবস্থার অবনতি হলে খুলনায় নেওয়া হয়।
এ ঘটনায় বাদল মোড়লের ছোট ভাই হাফিজুর রহমান মোড়ল বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় গত ১১ জুন বৃহস্পতিবার ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। কিন্তু হত্যাকাণ্ড্রযে ঘটনার পর এক সপ্তাহের অধিক সময় অতিবাহিত হলেও পুলিশ হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।
এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, যার কারণে সকাল থেকে ইউনিয়নে হরতাল ও অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।
এ বিষয়ে বাগেরহাট জেলা কৃষক দলের আহ্বায়ক আসাফুউদ্দৌলা জুয়েল বলেন, পুলিশ মূল আসামিদের গ্রেপ্তার করতে না পারলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বাগেরহাট মডেল থানার ওসি সামসুল আরেফিন বলেন, বাদল মোড়লের হত্যাকাণ্ডে জড়িত দুজন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হরতালে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য অ্যাডভোকেট আব্দুল ওদুদের দাবি প্রকৃত আসামিদের আড়াল করতে বিএনপি জামায়াতের ওপর দায় চাপিয়ে দিচ্ছে। তিনি প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন।
এমএইচ