ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে মারধর ও অপহরণের শিকার হয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী। অপহরণকারীদের দাবির মুখে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২ লাখ ১৭ হাজার টাকা দেওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পান তিনি। এ সময় তার ব্যবহৃত আইফোন, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন তিনি।
মুক্তির পর রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় ফেরেন মনিরুল। বর্তমানে চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন। তবে এ ঘটনায় এখনো পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি তিনি।
মনিরুল হক ফরাজী জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা থেকে ব্যক্তিগত গাড়িতে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে সঙ্গে নিয়ে বাগেরহাটের উদ্দেশে রওনা হন তিনি। বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন তাঁদের গাড়ি থামানোর সংকেত দেন। সামনে এগিয়ে তাঁরা দেখতে পান, সড়কের ওপর গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে।
এ সময় কয়েকজন গাছ সরিয়ে দিলে তাঁরা দ্রুত গাড়ি নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু লাঠিসোঁটা হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতাকর্মী তাঁদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে। এরপর গাড়ি থেকে নামিয়ে মনিরুল হক ফরাজীকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। একই সঙ্গে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকেও মারধর করা হয়।
মনিরুলের অভিযোগ, তাঁর মোবাইল ফোনে প্রধানমন্ত্রী ও বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবি দেখে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাঁকে আরও মারধর করে। একপর্যায়ে মঈন উদ্দিন ও গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও তাঁকে আটকে রাখে। এ সময় তাঁর কাছে থাকা নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেয় হামলাকারীরা।
বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগ নেতাকর্মীরা
তিনি আরও জানান, আটকে রাখার পর তাঁকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হাঁটিয়ে নিয়ে যায় অপহরণকারীরা। ভোররাত থেকে দুপুর পর্যন্ত তাঁকে হাঁটতে বাধ্য করা হয়। পরে মুক্তির বিনিময়ে আরও টাকা দাবি করে তারা। একপর্যায়ে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। সব মিলিয়ে নগদ ২ লাখ ১৭ হাজার টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মনিরুল হক ফরাজীর ভাষ্য, শুরুতে হামলাকারীদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন তাঁকে আটকে রেখেছিল। তাঁদের কাউকেই তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। মুক্তি পাওয়ার পর ভাড়া করা মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে করে পথ পাড়ি দিয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় পৌঁছান। সেখানে চিকিৎসা নিয়েছেন। তবে এখনো সারা শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে।
এ ঘটনায় এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো অভিযোগ করেননি বলে জানান তিনি।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহরণের শিকার হয়েছেন—এমন খবর পাওয়ার পর তাঁরা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বৃহস্পতিবার রাতে তিনি ফিরে এসেছেন বলে খবর পেয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হওয়ার পর তাঁর কাছ থেকে বিস্তারিত শুনে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।