সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামে বজ্রপাতে আব্দুল হাকিম শেখ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম শেখ ওই গ্রামের লুৎফর শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে আব্দুল হাকিমসহ কয়েকজন শ্রমিক স্থানীয় জাহাঙ্গীর হোসেনের মৎস্য ঘেরে কাজ করতে যান। দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আকস্মিক বজ্রপাতে আব্দুল হাকিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রমজাননগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু বলেন, বৃষ্টির সময় মৎস্য ঘেরে কাজ করার একপর্যায়ে বজ্রপাতে আব্দুল হাকিমের মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।