ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় এক নারী ও শিশু নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের সদর উপজেলার রঘুরামপুর এলাকায় ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ময়মনসিংহগামী একটি মাহেন্দ্রর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মাহেন্দ্রর যাত্রী বওলা গ্রামের রাবিয়া খাতুন (৬৫) এবং হিরনপুর গ্রামের ১৭ মাসের শিশু তৌফিক নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হন শিশুটির মা খাদিজা (৩২) এবং মাহেন্দ্রর চালক মাহবুব। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক্টর নিয়ে পালিয়ে গেছে।
এমই