হোম > সারা দেশ > ময়মনসিংহ

জাবিপ্রবিতে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই লোক নিয়োগ

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরীক্ষা ছাড়াই পাঁচটি গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগের ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে।

চলতি মাসের শুরু থেকেই এসব ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে দুজন নিয়োগপত্র পেলেও বাকি তিনজন এখনো কোনো দাপ্তরিক আদেশ পাননি। এ অবস্থায় তাদের কাজে যোগদান এবং নিয়োগ প্রক্রিয়ার বৈধতা ও স্বচ্ছতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, নিয়োগপ্রাপ্ত পাঁচজন হলেন উপাচার্য দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মো. রোকনুজ্জামান, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার হাবিব, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল্লাহ, রেজিস্ট্রার দপ্তরের কম্পিউটার অপারেটর নাঈম এবং একই দপ্তরের অডিট শাখার পরিদর্শন কর্মী আতাউল্লাহ।

অভিযোগ রয়েছে, কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই তাদের এসব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি তিনজনের ক্ষেত্রে নিয়োগের কোনো দাপ্তরিক আদেশও জারি হয়নি। আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করে এভাবে লোক নিয়োগের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রশ্ন উঠেছে। সদ্য দায়িত্ব পাওয়া ব্যক্তিদের অনেকেরই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলেও বিশ্ববিদ্যালয়সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, ‘দীর্ঘমেয়াদি নিয়োগ প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় প্রশাসনিক কার্যক্রম সচল রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউজিসির নিয়ম মেনেই জরুরি প্রয়োজনে অস্থায়ী ভিত্তিতে সর্বোচ্চ ছয় মাসের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকেও একই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। দপ্তরটির দাবি, জরুরি পরিস্থিতিতে অস্থায়ী নিয়োগের ক্ষেত্রে উপাচার্যের নির্বাহী ক্ষমতা রয়েছে। এ ধরনের নিয়োগের জন্য সিলেকশন কমিটির পূর্বানুমোদনের প্রয়োজন হয় না। বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) মৌখিকভাবে জানানো হয়েছে বলেও দাবি করেছে রেজিস্ট্রার কার্যালয়।

তবে ইউজিসির নির্দেশনা অনুযায়ী, সংস্থাটির পূর্বানুমোদন ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাডহক কিংবা দৈনিক মজুরিভিত্তিক জনবল নিয়োগের সুযোগ নেই। এমনকি চুক্তিভিত্তিক শিক্ষক বা কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও নির্ধারিত নীতিমালা অনুসরণ করতে হয়। এ ক্ষেত্রে প্রথমে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড বা সিন্ডিকেটের অনুমোদন এবং পরবর্তী সময়ে ইউজিসির অনুমোদন নিতে হয়। এরপর অন্তত দুটি জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিধান রয়েছে।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে, জাবিপ্রবিতে পাঁচজনকে নিয়োগের ক্ষেত্রে ইউজিসির পূর্বানুমোদন নেওয়া হয়েছিল কি না, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড বা সিন্ডিকেটের অনুমোদন ছিল কি না।

প্রশাসনিক কার্যক্রম সচল রাখার যুক্তিতে নিয়োগ দেওয়া হলেও প্রচলিত বিধিবিধান অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এমই

ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকার চাঁদা আদায়

নকলায় ইয়াবাসহ যুবক আটক

কলমাকান্দায় ডেপুটি স্পিকারের উদ্যোগে ২টি বাঁশের সেতু উদ্বোধন

২৪ শিক্ষক পড়ান ৩৪ শিক্ষার্থীকে, পাস করেছেন মাত্র ৪ জন

শেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি

স্কুলের সভাপতিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

শিক্ষকতার পাশাপাশি হাঁসের খামার, শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা আলেম আমিনুল

শিক্ষক নেতা আজিজীকে হয়রানির অভিযোগ, তদন্তের নোটিশ প্রত্যাহারের দাবি