হোম > সারা দেশ > ময়মনসিংহ

মাদারগঞ্জে ৪ দিন ধরে বিদ্যুৎ বিপর্যয়, ১৫ গ্রামের মানুষ চরম ভোগান্তিতে

খাদেমুল ইসলাম, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার অন্তত ১৫টি এলাকায় টানা চার দিন ধরে বিদ্যুৎহীন পরিস্থিতি বিরাজ করছে। গত শনিবার গভীর রাতের কালবৈশাখী ঝড়ের পর থেকে এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা এখনো স্বাভাবিক হয়নি। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কড়ইচড়া ইউনিয়নের জটিয়াপাড়া, মহিষবাথান, লালডোবা, পূর্ব নলছিয়া, ইলশামারী, চরগুজামানিকা, বাগলেরগড়; চরপাকেরদহ ইউনিয়নের বীর পাকেরদহ; বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া, সামানপাড়া; জোড়খালী ইউনিয়নের খিলকাটি পশ্চিমপাড়া এবং গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা পূর্বপাড়াসহ অন্তত ১৫টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। চার দিন পেরিয়ে গেলেও অনেক এলাকায় বিদ্যুৎ না ফেরায় প্রায় ৯৬ ঘণ্টা ধরে অন্ধকারে দিন কাটাচ্ছেন কয়েক হাজার মানুষ।

লালডোবা এলাকার বাসিন্দা মোখলেছুর রহমান বলেন, “চার দিন ধরে বিদ্যুৎ নেই। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। সন্ধ্যার পর তারা পড়াশোনা করতে পারছে না। মোবাইল ফোন চার্জ দিতে না পেরে যোগাযোগে ভোগান্তি হচ্ছে, এমনকি ফ্রিজে রাখা খাবারও নষ্ট হয়ে যাচ্ছে।”

পূর্ব নলছিয়া এলাকার আলমগীর হোসাইন জানান, টানা বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাও ব্যাহত হচ্ছে। এতে যোগাযোগসহ দৈনন্দিন কাজে চরম সমস্যা হচ্ছে।

এসএসসি পরীক্ষার্থী ইউনুস আলী বলে, “পরীক্ষার সময় বিদ্যুৎ না থাকায় আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারছি না। অনেকে মোমবাতি বা চার্জার লাইট জ্বালিয়ে কোনোমতে পড়ছে।”

জটিয়াপাড়া এলাকার জাহিদুল ইসলাম বলেন, “একদিকে ঝড়-বৃষ্টি, অন্যদিকে চার দিন ধরে বিদ্যুৎ নেই। দীর্ঘ সময়েও সরবরাহ স্বাভাবিক না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।”

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সৈয়দা ফারজানা ইয়াসমিন বলেন, “সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে বিভিন্ন স্থানে গাছ উপড়ে বিদ্যুতের লাইনের ওপর পড়ায় কয়েকটি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামতে মাঠপর্যায়ে কাজ চলছে।”

তিনি আরও জানান, কয়েকটি এলাকায় আংশিক বিদ্যুৎ সরবরাহ চালু করা গেলেও জনবল সংকট ও বৃষ্টির কারণে কিছু এলাকায় মেরামতকাজ বিলম্বিত হচ্ছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কর্মীরা গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন।

সরিষাবাড়ীতে ফিলিং স্টেশনে বিক্ষোভ, নেপথ্যে সাবেক ছাত্রলীগ নেতা

ফসল হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে কৃষকরা

জামালপুরে নার্সের গাফিলতিতে কিশোরীর শরীরে ভিন্ন গ্রুপের রক্ত

মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওরের ধান তলিয়ে যাচ্ছে পানিতে

জামালপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

নেত্রকোনার দুই নদের পানি বিপৎসীমার ওপরে

টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, পরীক্ষার্থী বহিষ্কার

২৪ ঘণ্টায় ৩ ঘণ্টা পাওয়া যাচ্ছে বিদ্যুৎ

ময়মনসিংহে হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন