সব আয়োজন সম্পন্ন। কনের বাড়িতে তখন উৎসবের আমেজ। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী আর বরযাত্রীদের ভিড়ে মুখরিত পুরো বাড়ি। বিয়ে পড়াতে উপস্থিত কাজি। ঠিক বিয়ের লগ্নের আগ মুহূর্তে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা, যা মুহূর্তেই আনন্দকে রূপ দিল আতঙ্কে।
বুধবার বিকেলে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে তাওফিকুর রহমানের (২৫) সঙ্গে বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে সাদিয়া আক্তারের (২০) বিয়ের দিন ধার্য ছিল।
বরের চাচাতো ভাই বজলুর রহমান জানান, বুধবার বেলা ৩টার দিকে বরকে নিয়ে তারা কনের বাড়িতে পৌঁছান। তখন বরযাত্রীরা খাওয়া-দাওয়া করছিলেন, কাজিও বিয়ে পড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। বজলুর রহমান নিজেও বরের পাশেই বসা ছিলেন। এমন সময় বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে বলেন, “এই মিষ্টি শুধু বর খাবেন, অন্য কেউ নয়।”
বজলুর রহমান বলেন, “মিষ্টি মুখে দিতেই বর তাতে বিষের গন্ধ পান। বিষয়টি জানালে আমরা মিষ্টি পরীক্ষা করে তাতে বিষ মেশানো হয়েছে বলে সন্দেহ করি। এ সময় ওই তরুণীর হাতে একটি কীটনাশকের বোতলও দেখতে পাই। পরে মিষ্টি রেখে ওই তরুণী দ্রুত সেখান থেকে সরে পড়েন।”
তিনি আরও জানান, বিষয়টি কনেপক্ষকে জানিয়ে ওই তরুণীকে অনেক খোঁজাখুঁজি করা হলেও তাকে আর পাওয়া যায়নি। এমনকি কনের পরিবারের সদস্যরাও ওই তরুণীকে চেনেন না বলে দাবি করেন।
এ ঘটনায় আতঙ্কিত হয়ে বরপক্ষ দ্রুত তাওফিকুরকে নিয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যায়। পরে বিয়ে না করেই বাড়ি ফিরে আসে বরযাত্রীরা। দুই পরিবারের আলোচনার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে স্থানীয়দের দাবি, বর পছন্দ না হওয়ায় কনে তার এক বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়ে বিয়েটি ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন।
এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে তাওফিকুর রহমান জরুরি বিভাগে আসেন। তার স্বজনেরা জানান, বিয়ের অনুষ্ঠানে তাকে বিষ মেশানো মিষ্টি দেওয়া হয়েছিল। তবে তিনি মিষ্টিটি খাননি। আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, বিকেলে বরপক্ষের লোকজন মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ তুলে বিয়ে না করেই চলে যান। তবে মিষ্টিতে আদৌ বিষ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর পেছনে কোনো ষড়যন্ত্রও থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।
বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদার বলেন, “বর পছন্দ না হওয়ায় কনে এক তরুণীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়েছেন, যাতে বিয়ে ভেঙে যায়— এমন কথা লোকমুখে শুনেছি। তবে ঘটনার সত্যতা আমি নিজে নিশ্চিত হতে পারিনি।”
এ বিষয়ে মোহনগঞ্জ ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, এ ধরনের কোনো ঘটনার কথা পুলিশের জানা নেই এবং এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়টি বিভিন্ন সূত্রে শুনেছি।
এমএইচ