হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহের পাঁচ উপজেলায় রাতভর ভাঙচুর-অগ্নিসংযোগ, ট্রেনেও আগুন

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহের পাঁচটি উপজেলায় সাবেক দুই সংসদ সদস্যের বাসভবনসহ ইউনিয়ন পরিষদ কার্যালয়, পার্কিং করে রাখা বাস ও ব্যক্তিগত গাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া চলন্ত একটি লোকাল ট্রেনের বগিতেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত পর্যন্ত জেলার ঈশ্বরগঞ্জ, ফুলপুর, ফুলবাড়িয়া, ভালুকা ও গৌরীপুর উপজেলায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে ঈশ্বরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। একই রাতে ফুলপুর উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আবুল বাসার আকন্দের বাড়িতেও হামলা চালানো হয়। এ সময় দুর্বৃত্তরা বাড়িটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়।

অন্যদিকে ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানের কক্ষে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া ভালুকা উপজেলায় জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তফা কামালের একটি ব্যক্তিগত গাড়ি ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ‘মীর এক্সপ্রেস’ নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে গৌরীপুর উপজেলায় চলন্ত ‘জারিয়া লোকাল’ ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত ১২টার দিকে উপজেলার বিশকা রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রেনের দুটি আসন পুড়ে গেলেও কোনো যাত্রী হতাহত হননি।

সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, ‘রাতের ট্রেনে যাত্রীসংখ্যা খুব বেশি ছিল না। নাশকতার উদ্দেশ্যেই ট্রেনে আগুন দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।’

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ বাজারের পুরাতন গরুহাটা এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে বস্তাভর্তি ককটেল উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

তিনি আরও বলেন, ‘নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো রাখা হয়েছিল। ময়মনসিংহকে অস্থিতিশীল করতেই এসব অগ্নিকাণ্ড ঘটানো হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

বরকে বিষ মেশানো মিষ্টি! বিয়ে না করেই ফিরে গেলেন বরযাত্রীরা

বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

চাঁদা না পেয়ে বিএনপি নেতার নেতৃত্বে হামলার অভিযোগ

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক

বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুন

নেত্রকোনায় ফের রেললাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল-ভালুকায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

এক রাতের আগুনে নিঃস্ব দুই কৃষক পরিবার

মোহনগঞ্জ জামায়াতের নতুন আমির কাজী মোফাজ্জল হোসেন