রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে টানা ১২ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন রাবি সংস্কার আন্দোলন ও ‘মঞ্চ ২৪’-এর নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।
গত ১৭ নভেম্বর সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে এ কর্মসূচি শুরু হয়। টানা ১২ দিন ধরে সেখানে অবস্থান করছেন আন্দোলনকারীরা। এ সময় প্রশাসনের সঙ্গে আলোচনা হলেও এখন পর্যন্ত তাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
অবস্থানরত অবস্থায় শনিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন 'মঞ্চ ২৪'-এর সাংগঠনিক সম্পাদক আল ইমরান জিহাদ। তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগেও তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীকালে চিকিৎসা নিয়ে আবার কর্মসূচিতি যোগদান করেন।
অবস্থানরত চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, আমাদের অনেকে অসুস্থ হয়ে গেছে তার পরও আমরা এখান থেকে যায়নি। ১২ দিন ধরে আমরা এখানে আছি তারপরও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। যতদিন না প্রশাসন কোনো পদক্ষেপ নিবে ততদিন পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।
রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভি বলেন, আমরা গত ১২ দিন ধরে এখানে অবস্থান করছি। আমাদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি। আমার এক সহযোদ্ধাকে মাত্র হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পরিস্থিতি যতই খারাপ হোক আমাদের দাবি থেকে আমরা নড়ব না। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। মৃত্যু হলেও দাবি আদায় না করে উঠব না।
এমএইচ