হোম > সারা দেশ > রাজশাহী

অ্যাম্বুলেন্সে আদালতে হাজিরা দিলেন সাবেক এনসিপি নেতা তানভীর

স্টাফ রিপোর্টার, বগুড়া

অ্যাম্বুলেন্সে করে রোববার বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন এনসিপির অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর

গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর। প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় হাজিরা দিতে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে বগুড়ায় আনা হয়।

রোববার বেলা সোয়া ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে তানভীরকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আনা হয়। আদালতে হাজিরার আনুষ্ঠানিকতা শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আবার ঢাকার ওই হাসপাতালে নেওয়ার কথা রয়েছে।

তানভীরের আইনজীবী ও এনসিপির বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী বলেন, তানভীর গুরুতর অসুস্থ। তার কোমর থেকে নিচের অংশ সম্পূর্ণ অবশ হয়ে গেছে। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি নিচ্ছেন।

আদালত প্রাঙ্গণে ইজাজ আল ওয়াসী অভিযোগ করেন, একটি প্রকাশ্য ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তানভীরের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে। রিমান্ডে নেওয়া এবং কারাগারে থাকার সময় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। এর পর থেকেই তানভীরের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বর্তমানে তিনি শয্যাশায়ী।

ওয়াসী বলেন, গুরুতর অসুস্থ আসামির ক্ষেত্রে সাধারণত আদালতে সময় চাওয়া যায়। কিন্তু আদালতের ধার্য তারিখে উপস্থিতি নিশ্চিত করতে ঝুঁকি নিয়ে তানভীরকে অ্যাম্বুলেন্সে করে বগুড়ায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি তার চিকিৎসাও চলবে।

মামলার নথি ও আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মণিপুরীপাড়া এলাকা থেকে তানভীরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই দিনই তাকে বগুড়ার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ১০ আগস্ট আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আইনজীবীর দাবি, রিমান্ড ও কারাগারে থাকা অবস্থায় ব্রেন স্ট্রোক, প্যানিক ডিজঅর্ডার ও সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসের জটিলতায় তানভীরের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তানভীরকে এক বছরের জামিন দেন। আইনি প্রক্রিয়া শেষে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর থেকে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে গত সপ্তাহে ঢাকার রিপোর্টার্স ইউনিটে এক সংবাদ সম্মেলনে কারাবন্দী অবস্থায় নির্যাতনের কাহিনী বর্ণনা করেন তিনি। এদিকে রোববার তার হাজিরাকে কেন্দ্র করে এনসিপির বেশ কিছু নেতাকর্মী আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

দেশে নতুন নৈরাজ্যের চেষ্টা করলে সমুচিত জবাব দেওয়া হবে: নাটোরে হুইপ দুলু

কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

খেজুরের গুড় ঘিরে রাজশাহীতে উৎসবের আমেজ

বিএনপি-আ.লীগ সংঘর্ষে গুলিবিদ্ধ জিসানকে ঢাকায় প্রেরণ

পাবনায় বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ

নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার রাবি শিক্ষার্থী

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দম্পতি গ্রেপ্তার, নেপথ্যে কাট-আউট চক্র

বগুড়ায় বিএনপির ধাওয়ায় ককটেল ফাটিয়ে পালালেন আ.লীগেরের কর্মীরা

জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’