রাজশাহী নগরীতে নন্দিনী ঘোষ নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর পৌনে ১টার দিকে নগরীর বোয়ালিয়া থানা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নন্দিনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) খাতা প্রস্তুতের কাজে বিদ্যালয়ে গিয়েছিল নন্দিনী। কাজ শেষে বাড়ি ফেরার পথে স্কুলসংলগ্ন একটি গলিতে তাকে ডেকে নেয় এক অজ্ঞাত ব্যক্তি। সেখানে তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় হামলাকারী।
ঘটনার পর স্থানীয়রা নন্দিনীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, “দুপুরের দিকে এক স্কুলছাত্রী ছুরিকাঘাতের শিকার হয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থীর বান্ধবীর স্বামী বা প্রেমিক পরিচয়ের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে তদন্তের আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”
ওসি আরও বলেন, “এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। আহত শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং সেখানে পুলিশের সদস্যরা অবস্থান করছেন। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।